চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে এক মাসে গ্রেফতার ১৩৫ আসামি


চট্টগ্রাম, মারুফ প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে এক মাসে গ্রেফতার ১৩৫ আসামি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাসব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত এপ্রিলজুড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে শিশু ধর্ষণ, মানবপাচার, সন্ত্রাস ও নাশকতাসহ একাধিক গুরুতর মামলার আসামি রয়েছে। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছে কাকারা ইউনিয়নের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মো. কামাল, স্কুলছাত্রী পাচারকারী চক্রের সদস্য সীমা এবং মাতারবাড়ি সংযোগ সড়কে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী রাইফেল সেলিম, মো. মুসা ও আবুল কাশেম। এছাড়া চিংড়ি ঘের এলাকায় চাঁদাবাজির অভিযোগে মোক্তার নামের এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১১ হাজার ৫০ পিস ইয়াবা এবং একটি একনলা বন্দুক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন, হাসপাতাল এলাকায় দালাল চক্র, ডুলাহাজারা ও সাহারবিল অঞ্চলে মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ কাজ করে যাচ্ছে। ফুটপাত দখল, ট্রেনে পাথর নিক্ষেপ ও অনলাইন জুয়ার মতো অপরাধের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, জেলাকে অপরাধমুক্ত রাখতে প্রতিটি থানা নিরলসভাবে কাজ করছে। চকরিয়ায় এক মাসে ১৩৫ জন আসামি গ্রেফতার পুলিশের পেশাদারিত্বেরই প্রতিফলন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।