সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা

সরকারি ব্যয় সাশ্রয় ও প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণের অংশ হিসেবে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন কড়াকড়ি আরোপ করেছে সরকার। এখন থেকে তারা সরকারি কাজে বিদেশে বিমানে ভ্রমণ করলে বিজনেস ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাসের পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়-এর ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তার ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

নতুন আদেশ অনুযায়ী, সরকারি কাজে বিদেশ ভ্রমণের সময় কর্মকর্তাদের ইকোনমি ক্লাসে যাতায়াত বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে পূর্বে বিদ্যমান বিজনেস বা এক্সিকিউটিভ ক্লাস সুবিধা আর প্রযোজ্য থাকবে না।

এর আগে ২০১২ সালের ৯ অক্টোবর অর্থ বিভাগের জারি করা নির্দেশনায় বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিধান ছিল। নতুন নির্দেশনায় সেই বিধান সংশোধন করে ব্যয় নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আদেশে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ এপ্রিল ২০২৬ তারিখের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। এ বিষয়ে আদেশে স্বাক্ষর করেছেন র. হ. ম. আলাওল কবির, যিনি অর্থ বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারের সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে প্রশাসনিক ব্যয় হ্রাস পাবে এবং সরকারি অর্থের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।