মাদারীপুরের ডাসার উপজেলায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ভ্রাম্যমাণ বাসে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্দেশ্যে এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।
সোমবার সকালে ডাসার উপজেলা পরিষদ চত্বরে শীতাতপ নিয়ন্ত্রিত একটি ভ্রাম্যমাণ বাসে ‘টেকাব-২য় পর্যায়’ প্রকল্পের আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে দুই মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা এবং ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল হুদার সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মো. আবুল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মমুখী শিক্ষা ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় বেকার তরুণ-তরুণীরা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবেন।
তারা আরও বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি দক্ষতা ছাড়া টেকসই কর্মসংস্থান সম্ভব নয়। তাই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ এই বাসটি আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করছে। এতে একসঙ্গে ৪০ জন প্রশিক্ষণার্থী চারটি শিফটে ভাগ হয়ে দুই মাসব্যাপী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সুবিধাবঞ্চিত গ্রামীণ যুবকদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে প্রকল্পটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রশিক্ষক নূরউজ্জামান ও কিশোর কুমারের তত্ত্বাবধানে চলমান এই কোর্স আগামী দুই মাস ধরে চলবে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :