পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। ভোট গণনার প্রাথমিক প্রবণতায় বিজেপি এগিয়ে রয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় উচ্ছ্বাসের পাশাপাশি সংঘাতের ঘটনাও ঘটছে। গেরুয়া আবির উড়ানো, ডিজে বাজানোসহ নানা উৎসবমুখর পরিবেশের পাশাপাশি একাধিক জায়গায় রাজনৈতিক উত্তেজনা সহিংস রূপ নেয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) একটি ভোট গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে কোচবিহারের দিনহাটায়। সেখানে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ঘটনাস্থলে উভয় দলের নেতাকর্মীদের ‘জয় শ্রী রাম’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। দিনহাটার এই আসনে বিজেপির প্রার্থী অজয় রায় এবং তৃণমূলের উদয়ন গুহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাথমিক গণনার প্রবণতায় অজয় রায় ১০ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বলে জানা গেছে।
এছাড়া দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে বিজেপি কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন। এতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে।
অন্যদিকে টিভি নাইন জানায়, ক্যানিং পূর্বের গণনা কেন্দ্রে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসানসোল গণনা কেন্দ্রের বাইরেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ উঠেছে, আসানসোলের একটি তৃণমূল ক্যাম্প অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্থানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে একাধিক এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :