আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি, ফসল রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতে কৃষকদের ব্যস্ততা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি, ফসল রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতে কৃষকদের ব্যস্ততা

নওগাঁর আত্রাই উপজেলায় উজানের ঢল ও আকস্মিক পানি বৃদ্ধিতে হুমকির মুখে পড়েছে মাঠের পাকা বোরো ধান। নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিভিন্ন খাল ও ডারা দিয়ে ফসলি জমিতে ঢুকে পড়ায় চরম উৎকণ্ঠায় রয়েছেন কৃষকরা। সোনালি ফসল রক্ষায় কালিকাপুর ইউনিয়নের হরপুরসহ বিভিন্ন গ্রামের কৃষকেরা স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজে নেমেছেন।

ভৌগোলিক কারণে আত্রাই উপজেলার ভেতর দিয়ে ছোট যমুনা ও আত্রাই নদী প্রবাহিত হওয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত কয়েকদিনে পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। এর ফলে বড় কালিকাপুর, হরপুর, রসুলপুর ও জাতোপাড়াসহ নিম্নাঞ্চলের জমিতে পানি প্রবেশ করতে শুরু করেছে।

এদিকে রক্তদহ বিলের পানিও বেড়ে যাওয়ায় জামগ্রাম খাল দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহিত হচ্ছে, যা সোনাইডাঙ্গা, লাকবাড়িয়া, বাঁকা ও জামগ্রাম এলাকার ফসলি মাঠের দিকে ধেয়ে আসছে। সরেজমিনে দেখা গেছে, সোনাইডাঙ্গা এলাকায় কৃষকরা দলবদ্ধ হয়ে মাইকিংয়ের মাধ্যমে স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজ করছেন। কাঠ, বাঁশ ও বালুর বস্তা দিয়ে খালের ব্রিজের মুখ এবং বিভিন্ন চ্যানেলের ভাঙন ঠেকানোর চেষ্টা চালাচ্ছেন তারা।

স্থানীয় কৃষক আবুল হোসেন ও হাফেজ উদ্দিন জানান, মাঠে পাকা ধান থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা কাটতে পারছেন না। এর মধ্যে হঠাৎ পানি ঢুকে পড়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। নিজেদের কষ্টার্জিত ফসল রক্ষায় দিন-রাত এক করে কাজ করছেন তারা।

পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগও সক্রিয় রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেজিৎ তালুকদার জানান, নদীর পানি বৃদ্ধির কারণে ফসলের ওপর ঝুঁকি তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে নদীর মুখের স্লুইসগেটগুলো বন্ধ করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি কৃষকদের আতঙ্কিত না হয়ে দ্রুত পাকা ধান ঘরে তোলার পরামর্শ দেন এবং মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান। বর্তমানে প্রকৃতির বৈরী পরিস্থিতির মধ্যেও কৃষকরা তাদের একমাত্র সম্বল ধান রক্ষায় সম্মিলিতভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন।