
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (৪ মে) বেলা ১১টার দিকে নাচোল পৌর এলাকার গ্রীনল্যান্ড পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের নাচোল উপজেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, গ্রীনভিউ কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল হাই সুইট, স্কলার্স কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মিজানুর রহমান, অঙ্গনা স্কুলের পরিচালক ওমর ফারুক এবং ব্রাইটস্টার কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল বারি।
আয়োজকরা জানান, এ বছর উপজেলার ১৫টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ গ্রেডে ৩১ জন, ট্যালেন্টপুলে ২৪ জন এবং স্কুল গ্রেডে ৭০ জনসহ মোট ১২৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি এসব কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।
আপনার মতামত লিখুন :