
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে আন্তরিক বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
সোমবার (৪ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি। তিনি উল্লেখ করেন, প্রকল্প অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত ধাপ বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে, যা অর্থনীতির জন্য ক্ষতিকর।
বৈঠকে উপস্থিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে একটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লেগে যায়। পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকে আলাদা আলাদা অনুমতি নেওয়ার জটিলতা বিনিয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, অনুমোদন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও সময়োপযোগী করতে হবে। যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার কথাও তিনি বলেন।
বন্ধ সরকারি কল-কারখানাগুলোতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠানে বিনিয়োগে আগ্রহীদের জন্য ঋণপ্রাপ্তি সহজ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারও বৈঠকে অংশ নেন। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ বাড়াতে এ নির্দেশনা দেশের শিল্পখাত পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :