জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ফাতেহা পাঠ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নারী আসনের সংসদ সদস্যরা সাহস ও নিষ্ঠার সঙ্গে জনগণের অধিকার আদায়ে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, মেধাবী ও শিক্ষিত তরুণীদের রাজনীতিতে এগিয়ে আসা জরুরি। তরুণ প্রজন্ম তাদের দূরদর্শী ও প্রগতিশীল চিন্তাধারার মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশ ফার্স্ট” বা “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি নারী এমপিদের সংসদের ভেতরে সীমাবদ্ধ না থেকে রাজপথেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে শ্রদ্ধা ও রাজনৈতিক ঐক্যের বার্তা প্রতিফলিত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।