
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পেঁয়াজ ও আমসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ওজনে অনিয়ম প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, থানার এসআই আল-আমিন, বালিয়াকান্দি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নুসহ স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কৃষকদের কষ্টার্জিত ফসল হাট-বাজারে ক্রয়-বিক্রয়ের সময় ওজনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। বিশেষ করে নির্ধারিত সীমার বাইরে, যেমন ৪০ কেজির বেশি ওজনের পণ্য কৃষকদের কাছ থেকে নেওয়া যাবে না—এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়া এবং সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিকসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ী, আড়ৎদার ও কৃষকরা উপস্থিত ছিলেন।
সভা থেকে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং হাট-বাজারে স্বচ্ছতা বজায় রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :