
উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ধীরগতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন কর্মকাণ্ড আর আগের মতো গতানুগতিক পদ্ধতিতে চলবে না। প্রকল্প বাস্তবায়নে গুণগত মান বজায় রাখা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা এবং দুর্নীতি রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা কর্মসূচির আলোকে একটি নতুন কৌশলগত কাঠামো (স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক) প্রণয়নের কাজ চলছে। দুই বছর মেয়াদি এই পরিকল্পনার লক্ষ্য হলো অর্থনীতির পুনরুদ্ধার, বৈষম্য হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা।
এডিপির অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পের প্রতিটি ধাপে দুর্নীতি ও অপচয় রোধে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা এবং পরিবেশগত প্রভাব গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। সরকারের লক্ষ্য এক কোটি কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা।
তিনি জানান, ডিসিরা প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ, অর্থ ছাড়ের সময়সূচি, তদারকি কাঠামোর দুর্বলতা এবং দুর্নীতিসহ নানা সমস্যার কথা তুলে ধরেছেন। এসব সমস্যা সমাধানে সরকার একটি কার্যকর কর্মপরিকল্পনা (অ্যাকশন প্ল্যান) প্রণয়ন করছে।
এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে প্রকল্পে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। একই সঙ্গে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তাৎক্ষণিক ও নির্ভুল তথ্য পাওয়া যায়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে চলমান প্রকল্প, বারবার মেয়াদ বৃদ্ধি ও ব্যয় বাড়ানোর প্রবণতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনকল্যাণমূলক, সাশ্রয়ী ও সময়সীমাবদ্ধ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্মেলনে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে দ্রুত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।
আপনার মতামত লিখুন :