স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গ্বালিয়র বেঞ্চের হাইকোর্টে এক অস্বাভাবিক পারিবারিক মামলাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী পরিবর্তনের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত হয় একটি হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে। দতিয়ার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে নির্দেশ দেয় অভিযুক্তসহ সংশ্লিষ্টদের হাজির করার জন্য।

পরবর্তীতে আদালতে হাজির করা হলে অভিযোগ করা ‘অপহৃতা’ নারী জানান, তিনি কারও দ্বারা অপহৃত হননি, বরং স্বেচ্ছায় বোনের স্বামীর কাছে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। তিনি আরও জানান, নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং ইতোমধ্যে তিনি বিবাহবিচ্ছেদের মামলাও করেছেন।

অন্যদিকে, একই মামলায় উপস্থিত অপর বোনও আদালতে জানান, তিনি নিজের স্বামীর সঙ্গে থাকতে চান না এবং বোনের স্বামীর সঙ্গেই থাকতে আগ্রহী। শুনানির সময় দুই বোনই আদালতের কাছে পারস্পরিকভাবে স্বামী পরিবর্তনের অনুরোধ জানান।

তবে যেহেতু মামলার সব পক্ষই সাবালক, বিচারপতি মন্তব্য করেন যে এটি কোনো ফৌজদারি অপহরণের ঘটনা নয়, বরং পারিবারিক বিরোধের বিষয়। আদালত আরও জানায়, বিষয়টি পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। শেষ পর্যন্ত হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেন আদালত। এ ঘটনাটি স্থানীয় ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।