বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপির জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে সাবেক এই ক্রিকেটার বিষয়টি স্পষ্টভাবে নাকচ করে দেন। ৪৭ বছর বয়সী অপি লেখেন, “আসসালামু ওয়ালাইকুম। আমি সাবেক জাতীয় দলের ক্রিকেটার মেহরাব হোসেন অপি। বর্তমানে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই এবং ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইচ্ছা নেই।”
তিনি আরও বলেন, এ ধরনের ভিত্তিহীন গুজবে কেউ যেন বিভ্রান্ত না হন। তার এই বক্তব্যের মাধ্যমে কয়েকদিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটে।বর্তমানে মেহরাব হোসেন অপি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি খেলার সঙ্গেই যুক্ত রয়েছেন।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অপির নাম বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে তিনি ১০১ রানের ইনিংস খেলেন, যা ছিল দেশের ওয়ানডে ইতিহাসে প্রথম সেঞ্চুরি। ১৯৯৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ওপেনার জাতীয় দলের হয়ে ৯টি টেস্ট ও ১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। দেশের ক্রিকেট ইতিহাসে তার অবদান এখনও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
আপনার মতামত লিখুন :