নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতায় ঐক্যের ডাক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতায় ঐক্যের ডাক

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে নোয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

রোববার (৩ মে) বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহীদ মিনার ও জজকোর্ট সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং সত্য প্রকাশের অধিকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিন।

এছাড়া উদ্বোধনী বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আবু নাসের মঞ্জু, মেজবাউল হক মিঠু, মাসুদ পারভেজ, নাসির উদ্দিন বাদল, আকবর হোসেন সোহাগ ও নাসিম শুভসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের কণ্ঠরোধ করে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা। তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।