আলিম পরীক্ষার রুটিন প্রকাশ, মানতে হবে যেসব নির্দেশনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
আলিম পরীক্ষার রুটিন প্রকাশ, মানতে হবে যেসব নির্দেশনা

চলতি বছরের আলিম পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। শনিবার (২ মে) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত।

সূচি অনুযায়ী, প্রথম দিন বৃহস্পতিবার পরীক্ষার্থীরা ‘কুরআন মাজিদ’ বিষয়ে অংশগ্রহণ করবেন। এরপর তত্ত্বীয় পর্যায়ের সৃজনশীল ও বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৯ আগস্ট থেকে ১৪ আগস্টের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর অনলাইনে বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী (MCQ) এবং পরে সৃজনশীল (CQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।

৩০ নম্বরের MCQ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষায় MCQ অংশ ২৫ মিনিট এবং সৃজনশীল অংশ ২ ঘণ্টা ৩৫ মিনিট চলবে।

পরীক্ষা কেন্দ্রের নিয়ম অনুযায়ী, প্রশ্নপত্র ও উত্তরপত্র নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিতরণ করা হবে। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় ৯টা ৩০ মিনিটে উত্তরপত্র এবং OMR শিট বিতরণ করা হবে। MCQ অংশ শেষে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে।

বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। এছাড়া প্রতিটি উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যবহারিক বিষয়গুলোতে তত্ত্বীয়, MCQ ও ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে। একই সঙ্গে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে, তবে সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেবল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জরুরি প্রয়োজনে নন-অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, বিশেষ প্রয়োজনে সময়সূচিতে পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করা হয়েছে। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।