
‘সকল প্রাণের জন্য পৃথিবী’—এই প্রতিপাদ্যকে ধারণ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও জীববৈচিত্র্য সুরক্ষার অঙ্গীকার নিয়ে লালমনিরহাটে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।
রোববার (২২ জুলাই) বিকেলে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ বার্ড অ্যান্ড লাইফ সোসাইটি (বিবিএলএস)-এর আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিবিএলএস-এর এই সময়োপযোগী উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা হারুন অর রশীদ, জজ কোর্টের অ্যাডভোকেট ও সমাজসেবক জাকিউল হাসান সিদ্দিক (রাসেল) এবং এলজিইডি লালমনিরহাটের সহকারী প্রকৌশলী (রিভার) রনী আহাম্মেদ বাবু।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তারা বলেন, বৃক্ষহীন পৃথিবী কল্পনা করা অসম্ভব। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং এর যত্ন নেওয়া।
বাংলাদেশ বার্ড অ্যান্ড লাইফ সোসাইটির সভাপতি অনুপম রায় রূপকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে মাসব্যাপী এ কর্মসূচি সফল করতে জেলাবাসীর সহযোগিতা কামনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় লালমনিরহাটের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ এবং পরিবেশবিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :