
তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রজন্মের সুন্দর আগামী গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।
সভাপতির বক্তব্যে প্রিয়াংকা দাস বলেন, সীমিত সম্পদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা জরুরি। একই সঙ্গে পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা আক্তার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. ফারহানা নবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়াকুব আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, পরিবার পরিকল্পনা সহকারী হাবিবা খাতুন এবং নেজামপুর কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা নবীউল ইসলাম।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন সহকারী কর্মকর্তা শাহীন আলমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের কর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন, পরিবার পরিকল্পনার গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ অবদান রাখা ছয়জন শ্রেষ্ঠ সেবাদানকারী কর্মীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :