আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি শেখ রেজাউল ইসলাম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি শেখ রেজাউল ইসলাম

টানা কয়েকদিনের ভারী বর্ষণে নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) আসনের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতিতে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)।

শনিবার (১১ জুলাই) নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দুর্যোগপূর্ণ এই সময়ে সবাইকে ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

সংসদ সদস্য জানান, টানা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে আত্রাই ও রানীনগর উপজেলার বিভিন্ন নিচু এলাকায় পানি জমে রয়েছে। এতে অনেক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আমন ধানের বীজতলা তলিয়ে গিয়ে কৃষকের ক্ষতি হয়েছে। এছাড়া গ্রামীণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় ব্যক্তিগতভাবে এলাকায় উপস্থিত থাকতে না পারলেও সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন। এ সময় দলীয় নেতাকর্মীরা মাঠে থেকে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা করছেন বলেও উল্লেখ করেন তিনি।

শেখ মো. রেজাউল ইসলাম আরও জানান, প্রশাসনের মাধ্যমে ইতোমধ্যে পানিবন্দী ও অসহায় মানুষের মাঝে জরুরি ভিত্তিতে শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির তথ্য সরাসরি তাকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান সংসদ সদস্য। একই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য, সতর্কতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার আহ্বান জানান।