ঘোড়াঘাটে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা: গণধোলাইয়ের পর ২ যুবক পুলিশে


মোফাজ্জল হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
ঘোড়াঘাটে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা: গণধোলাইয়ের পর ২ যুবক পুলিশে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই যুবক। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ের পর তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর সৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন, দামোদরপুর সৌলা গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফি (৪০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সৌলা গ্রামের সৈকত হোসেন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দামোদরপুর সৌলা গ্রামের বাসিন্দা নূর ইসলাম রাতে তাঁর তিনটি গরু গোয়ালঘরে বেঁধে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অভিযুক্তরা সুকৌশলে গোয়ালঘরে প্রবেশ করে গরু চুরির চেষ্টা চালায়। এ সময় গোয়ালঘর থেকে শব্দ শুনে নূর ইসলামের ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে হাতেনাতে আটক করেন।

স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়। পরে খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় গরুর মালিক নূর ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (৩ জুলাই) দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।