মানিকগঞ্জে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন


মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি, মোঃ আজহার হোসেন। প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
মানিকগঞ্জে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সঙ্গীত ও আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। দেশের বিভিন্ন জেলার মতো মানিকগঞ্জেও এ আয়োজনের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান; মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া অনুষ্ঠানে জেলার বিশিষ্ট নজরুল গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে বিকেল ৫টায় জেলা প্রশাসন, মানিকগঞ্জ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সঙ্গীত ও দর্শনের বহুমাত্রিক দিক তুলে ধরা হয়। নজরুলসংগীত, আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জাতীয় কবির সৃষ্টিশীল অবদান ও অসাম্প্রদায়িক চেতনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বক্তারা বলেন, সাম্য, মানবতা, ন্যায়বিচার ও বিদ্রোহের প্রতীক কাজী নজরুল ইসলামের আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মধ্যে তাঁর সাহিত্য, দর্শন ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় কবির আদর্শ সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। অতিথি, সংস্কৃতিকর্মী ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।