
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেন আরও সুশৃঙ্খল ও সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের আওতায় বাংলা কিউআর কোড ব্যবহার করে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বা সেবা ফির সর্বনিম্ন হার ১ শতাংশ (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে পরিচালক মো. শরাফত উল্লাহ খানের সই রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্দেশনাটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, এর আগে এনপিএসবির মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের আওতায় সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (পিওএস) ও বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের জন্য মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সীমা নির্ধারণ করা হয়েছিল।
নতুন নির্দেশনায় বিদ্যমান সার্কুলারের অন্যান্য ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে। শুধু বাংলা কিউআর কোডভিত্তিক মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে নতুন এমডিআর হার নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ব্যাংক হিসাব, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ব্যবহার করে বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) এমডিআর নিতে পারবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেন আরও বাড়াতে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান চাইলে নিজস্ব উদ্যোগে প্রোমোশনাল ক্যাম্পেইন বা প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করতে পারবে।
কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন আরও জনপ্রিয় ও সহজ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে।
আপনার মতামত লিখুন :