
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।
বুধবার (১ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশে জাইকার অর্থায়নে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইনসমূহ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি উদ্বোধনের লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
এ ছাড়া বৈঠকে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় জাপানের সহায়তা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশকে জাপানের পক্ষ থেকে দেওয়া ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বাড়িয়ে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার বিষয়ে জাপান ইতিবাচক সাড়া দিয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এ সময় জাপানি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জানায়, বাংলাদেশ নৌবাহিনীকে জাপানের পক্ষ থেকে পাঁচটি পেট্রোল বোট দেওয়া হবে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে উন্নয়ন সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
আপনার মতামত লিখুন :