সুউচ্চ ভবনে বিমান বিধ্বস্ত, মুখ খুলছে না চীন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
সুউচ্চ ভবনে বিমান বিধ্বস্ত, মুখ খুলছে না চীন

চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার চার দিন পরও দুর্ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ। কীভাবে একটি ছোট বিমান শহরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করে ভবনে আঘাত করল, তা নিয়েও এখনো ধোঁয়াশা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

গত শুক্রবার (২৬ জুন) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বিমানের পাইলট নিহত হন। তিনি ছিলেন ওই বিমানের একমাত্র আরোহী। এছাড়া ভবনের নিচে থাকা অন্তত ১৩ জন আহত হন। দুর্ঘটনার পর চীনের সরকারি সংবাদমাধ্যমে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করা হলেও এরপর আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। ঘটনার পর ভবনের ক্ষতিগ্রস্ত অংশ ঢেকে দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাসংক্রান্ত বিভিন্ন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিভিন্ন বিমান সংস্থা বিবিসিকে জানিয়েছে, দুর্ঘটনার পর তাদের সাময়িকভাবে ছোট বিমান পরিচালনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্দেশনার কারণ বা সময়সীমা সম্পর্কে তারা বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। বিশ্লেষকদের মতে, চীনের আকাশসীমা নিয়ন্ত্রণ ব্যবস্থা বিশ্বের অন্যতম কঠোর হওয়া সত্ত্বেও কীভাবে একটি ছোট বিমান রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করল, তা বড় ধরনের নিরাপত্তা প্রশ্ন তৈরি করেছে।

দুর্ঘটনাস্থলটি চীনের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের কার্যালয়ের কাছাকাছি হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি বিমান দুর্ঘটনা নয়; বরং রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা ও আকাশপথ নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তুলেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের ধারণা, পাইলটের ভুল, যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে।

এদিকে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভবনটির পুরোনো ছবি ও সংশ্লিষ্ট বিভিন্ন সাধারণ পোস্টও সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে চীনের তথ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো দুর্ঘটনার কারণ, নিরাপত্তা ব্যবস্থা এবং তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।