
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ ফিফা বিশ্বকাপে এবার ব্যক্তিগত রেকর্ডের লড়াই ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির গোলসংখ্যার প্রতিযোগিতা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
চলতি বিশ্বকাপ শুরুর আগে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডই ছিল সর্বোচ্চ। তবে এবারের আসরে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন লিওনেল মেসি। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ১৯, যা তাকে সর্বকালের শীর্ষ গোলদাতার আসনে বসিয়েছে।
তবে মেসির সেই রেকর্ডের খুব কাছেই পৌঁছে গেছেন ফ্রান্সের ২৭ বছর বয়সী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে রাউন্ড অব ৩২ ম্যাচে ফ্রান্সের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন তিনি। এর ফলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৮।
চলতি আসরে এখন পর্যন্ত ছয়টি গোল করেছেন এমবাপ্পে। গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে জোড়া গোলের পর নকআউট পর্বেও জোড়া গোল করে নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন এই ফরাসি তারকা। মেসির রেকর্ড স্পর্শ করতে এখন তার প্রয়োজন মাত্র এক গোল।
অন্যদিকে, পরবর্তী ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি। সেই ম্যাচে গোল করলে তিনি নিজের ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন এবং বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার অবস্থান আরও শক্ত করতে পারবেন।
সব মিলিয়ে বিশ্বকাপ এখন শুধুই দলগত লড়াই নয়, মেসি-এমবাপ্পের ব্যক্তিগত গোলযুদ্ধেও রূপ নিয়েছে, যা ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি উত্তেজনা তৈরি করেছে।
আপনার মতামত লিখুন :