
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে চেয়ারম্যান করে এক বছরের জন্য ১৫ সদস্যের একটি অ্যাডহক বার কাউন্সিল গঠন করেছে সরকার। আগামী ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ কাউন্সিল দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (৩০ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ৪(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ অ্যাডহক বার কাউন্সিল গঠন করা হয়েছে। দেশের আইনজীবী পেশার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই কাউন্সিল দায়িত্ব পালন করবে।
নবগঠিত অ্যাডহক বার কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার, সিনিয়র অ্যাডভোকেট এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আসগর, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম এবং সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই অ্যাডহক বার কাউন্সিল ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে আইনজীবীদের নিবন্ধন, পেশাগত মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং বার কাউন্সিলের অন্যান্য আইনগত ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় কাউন্সিল ভূমিকা রাখবে।
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার পাশাপাশি আইনজীবী পেশার নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :