
কক্সবাজারের টেকনাফের হ্নীলার দুর্গম পাহাড়ে মুক্তিপণের দাবিতে অপহৃত চার তরুণকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) ও টেকনাফ থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে যৌথ অভিযানের মাধ্যমে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া চারজন হলেন—ফেনীর দাগনভূঞার এমাম হোসেন জিসান (২৩), ফেনী পৌরসভার তহিদুল ইসলাম তামিম (১৯), একই এলাকার মো. এমাম হোসেন (১৮) এবং হবিগঞ্জের বাহুবলের সুমন মিয়া (২২)।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে ফেনী থেকে কক্সবাজারের টেকনাফে এসে নিখোঁজ হন জিসান ও তামিম। পরে ২৮ জুন তাদের পরিবার দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। ঘটনার পর র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে।
এরপর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে র্যাব ও টেকনাফ থানা পুলিশের একটি যৌথ দল হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার গহীন পাহাড়ে অভিযান চালায়। টের পেয়ে অপহরণকারীরা জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে পাহাড়ি আস্তানা থেকে হাত-পা বাঁধা অবস্থায় চার তরুণকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া তরুণদের বরাতে জানা গেছে, অপহরণকারীরা তাদের জিম্মি করে প্রত্যেকের কাছে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। টাকা না দেওয়ায় তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। সময়মতো অভিযান না হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল বলেও জানায় তারা।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, উদ্ধার হওয়া চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে পাহাড়ে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :