শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী আটক


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে ১১৬৫ পিস ইয়াবাসহ সিদ্দিক বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সকালে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক সিদ্দিক ওই এলাকার কাদির বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশের একটি দল সিদ্দিকের বাড়িতে অভিযান চালায়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনায় মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে সিদ্দিক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একাধিকবার সতর্ক করা হলেও তিনি এ কার্যক্রম থেকে সরে আসেননি। তাদের অভিযোগ, সম্প্রতি তার বাড়িতে ইয়াবার চালান আসার খবর পেয়ে তারা পুলিশকে অবহিত করেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং মাটির নিচে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ১১৬৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।