
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে—এমন প্রত্যাশা এবং ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কূটনৈতিক আলোচনার খবরে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় বিশ্ববাজারে তেলের দামে চাপ তৈরি হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ব্রেন্ট অপরিশোধিত তেলের আগস্ট সরবরাহ চুক্তির দাম ১.০৩ শতাংশ বা ৭৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭২.৪০ ডলারে নেমে আসে। একই সময় সেপ্টেম্বরের বেশি লেনদেন হওয়া চুক্তির দাম ০.৫৪ শতাংশ বা ৪০ সেন্ট কমে ৭৩.৫১ ডলারে দাঁড়ায়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ০.৬৬ শতাংশ বা ৪৭ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭০.৩২ ডলারে নেমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির আশাবাদ থেকেই মূলত এ দরপতন ঘটেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বিনিয়োগকারীরা এখনো ঝুঁকি এড়িয়ে চলছেন, কারণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি।
তিনি আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় বাজারে অনিশ্চয়তা বজায় রয়েছে।
এদিকে ইরান কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠকের খবর নাকচ করলেও কাতারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় থাকার কথাও জানিয়েছে তেহরান।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক সরবরাহ পরিস্থিতি ও ভূরাজনৈতিক উত্তেজনা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানি তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।
আপনার মতামত লিখুন :