
চাঁদপুরের হাজীগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। বড় ভাইয়ের দাফন সম্পন্ন হওয়ার পরপরই ছোট ভাইয়ের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। মর্মান্তিক এ ঘটনায় স্বজন ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোক।
ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) শুকু কমিশনারের বাড়ির বাসিন্দা শাহিন (৪৫) মারা যান। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের পরিবেশ তৈরি হয়। পরে জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
কিন্তু বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরই আসে আরেকটি দুঃসংবাদ। একই দিন রাত ১০টা ৫০ মিনিটে শাহিনের সহোদর ছোট ভাই আলমগীর হোসেন (৪০) মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকায় অবস্থান করছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই রাতের দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
একই দিনে দুই ভাইকে হারিয়ে পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো পরিবেশ। দুই ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মাঝেও ব্যাপক শোকের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জনি চৌধুরী বলেন, একই দিনে একই পরিবারের দুই সহোদর ভাইকে হারানোর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও বিরল। তাদের মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো এলাকাজুড়েই শোকের ছায়া নেমে এসেছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং দুই সহোদর ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।
আপনার মতামত লিখুন :