ছাতকে কৃষকদের মাঝে রোপা আমন বীজ ও সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত


ছাতক প্রতিনিধি: প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
ছাতকে কৃষকদের মাঝে রোপা আমন বীজ ও সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় কৃষকদের মধ্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান-এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম-এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সুয়েব আহমদ, মোহাম্মদ সোহরাব হোসেন, এনামুল ইসলাম ও মিল্লত হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে কৃষি প্রণোদনার সুবিধা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়ন ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।