
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে রাষ্ট্রায়ত্ত এই সম্প্রচার মাধ্যমটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান।
এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বের কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থাপিত তথ্যে বিটিভির আয়-ব্যয়ের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী।
মন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন খাত থেকে এসেছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা। বাকি আয় এসেছে অন্যান্য খাত থেকে।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, বিটিভির আয়-ব্যয়ের চিত্রে দেখা যায়, গত কয়েক বছর ধরেই প্রতিষ্ঠানটির ব্যয়ের তুলনায় আয় অনেক কম। ২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয় ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা।
২০২১-২২ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় দাঁড়ায় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা এবং ব্যয় হয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় কমে হয় ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, যেখানে ব্যয় বেড়ে দাঁড়ায় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা।
এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরে বিটিভির আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা এবং ব্যয় হয়েছে ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, আর ব্যয়ের পরিমাণ ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিজ্ঞাপনসহ বিভিন্ন উৎস থেকে আয় করলেও বিটিভির পরিচালন ব্যয় মেটাতে সরকারের আর্থিক সহায়তার প্রয়োজন হচ্ছে। রাষ্ট্রীয় এই গণমাধ্যমের আয় বাড়ানো ও ব্যয় ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়ে আসছে।
আপনার মতামত লিখুন :