
সাতক্ষীরার তালা উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধান ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে খাল সংস্কার, খনন ও পাইপ স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুর ১২টায় উপজেলার শিরাশুনী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াটার জাস্টিস ফান্ডের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রকল্পের আওতায় শিরাশুনী জামতলা থেকে ভবানীপুর পর্যন্ত খাল সংস্কার ও খনন কাজ পরিচালিত হবে।
উত্তরণের পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, জলাবদ্ধতা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি দীর্ঘস্থায়ী সমস্যা। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের দুর্ভোগ কমবে এবং কৃষি ও পরিবেশের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া, স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, খাল সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা মনে করেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে।
আপনার মতামত লিখুন :