শুধু মেসি নন, পুরো আর্জেন্টিনা দলই ভয়ঙ্কর: অস্ট্রিয়া কোচ র‍্যাংনিক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ
শুধু মেসি নন, পুরো আর্জেন্টিনা দলই ভয়ঙ্কর: অস্ট্রিয়া কোচ র‍্যাংনিক

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষকে নিয়ে উচ্চ প্রশংসা করেছেন অস্ট্রিয়ার প্রধান কোচ রালফ র‍্যাংনিক। তার মতে, বর্তমান আর্জেন্টিনা দলকে শুধু লিওনেল মেসিনির্ভর দল হিসেবে দেখার কোনো সুযোগ নেই; বরং মাঠের প্রতিটি পজিশনেই তারা সমানভাবে শক্তিশালী।

ডালাসে গ্রুপ ‘জে’র ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানতে চাইলে র‍্যাংনিক বলেন, “তাদের দুর্বলতা নিয়ে কী বলব? আমরা কোনো দুর্বলতাই খুঁজে পাইনি।”

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচ বলেন, আর্জেন্টিনার দলে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব নেই। শুধু প্রথম একাদশ নয়, বেঞ্চের খেলোয়াড়রাও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখেন। তাই আর্জেন্টিনাকে কেবল মেসির দল হিসেবে বিবেচনা করা ভুল হবে।

এদিকে ৩৮ বছর বয়সী মেসি বিশ্বকাপ অভিযান শুরু করেছেন দুর্দান্তভাবে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেছেন এবং এককভাবে শীর্ষে উঠতে তার প্রয়োজন আর মাত্র একটি গোল।

তবে র‍্যাংনিকের মতে, অস্ট্রিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু মেসিকে থামানো নয়, পুরো আর্জেন্টিনা দলকে মোকাবিলা করা। তিনি বলেন, “আমাদের কৌশলগতভাবে নিখুঁত হতে হবে। একই সঙ্গে সাহসী ও শক্তিশালী মানসিকতা নিয়ে খেলতে হবে। হয়তো আমার অধীনে অস্ট্রিয়ার সেরা ম্যাচটাই খেলতে হবে।”

প্রতিপক্ষকে এতটা সমীহ করলেও অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেননি অস্ট্রিয়ান কোচ। তার ভাষায়, “ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। আমরা সব পূর্বাভাসের বিপক্ষে খেলব। হয়তো ড্র করতে পারি, হয়তো জিততেও পারি। আমাদের লড়াই করার মানসিকতা ও সাহস আছে।”

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দলই। আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে হারিয়েছে, আর অস্ট্রিয়া ৩-১ গোলে জর্ডানকে পরাজিত করেছে। ফলে সোমবারের ম্যাচে জয়ী দল নকআউট পর্বে ওঠার পথে বড় সুবিধা পাবে।