
বাগেরহাট সদর উপজেলার পার-নওয়াপাড়া গ্রামের কৃষক মো. ইশারাত খান তার দীর্ঘদিনের ভোগদখলকৃত মাছের ঘের অবৈধভাবে দখল করে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে-এ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
ইশারাত খান জানান, প্রায় ১৯ বছর আগে তিনি স্থানীয় হারুন শেখের সঙ্গে যৌথভাবে পার-নওয়াপাড়া বিলে একটি মাছের ঘের পরিচালনা শুরু করেন। পরবর্তীতে তিনি নিজ উদ্যোগে সাড়ে তিন বিঘা জমির ওপর ঘের পরিচালনা করে আসছেন। এর মধ্যে অজিয়ার রহমানের এক বিঘা জমি বন্ধকসূত্রে তার দখলে আসে এবং স্থানীয় সমঝোতার ভিত্তিতে তিনি দীর্ঘদিন এটি ব্যবহার করে আসছিলেন।
তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৬ আগস্ট অজিয়ার রহমান জোরপূর্বক তার মাছের ঘের দখল করে নেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ ও আইনজীবীদের মাধ্যমে একাধিক সালিশ বৈঠক হলেও এখনো সমাধান হয়নি বলে তিনি জানান।
তার দাবি, প্রতিপক্ষ এক বিঘা জমি ছাড়া বাকি জমির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, তবুও বর্তমানে পুরো সাড়ে তিন বিঘার মাছের ঘের দখলে রাখা হয়েছে।
এ ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উল্লেখ করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার বৈধ দখল ও অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। সংবাদ সম্মেলনে তার ভাই সেকেন্দার, বাসারত এবং ভাগ্নে জেলাল হাওলাদার উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :