‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট জারি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট জারি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট জারি করেছে সরকার। রোববার (২১ জুন) এর আগে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গেজেট অনুযায়ী, এ ঘোষণা গত ২৫ মে থেকেই কার্যকর হয়েছে।

জাতীয় পর্যায়ে নজরুলের জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গত ২৩ মে থেকে ২৫ মে পর্যন্ত ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৫ সালের ২৫ মে থেকে ২০২৬ সালের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নজরুল বর্ষ উদযাপনকে কেন্দ্র করে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে এ আয়োজন সফল করতে একটি কমিটি গঠন, নজরুল বর্ষের লোগো তৈরি, পোস্টার প্রকাশ, বিশেষ ক্যালেন্ডার প্রণয়ন এবং স্মারক ডাকটিকিট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বছরব্যাপী জাতীয় কবির জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন ও গবেষণামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা। বিদ্রোহী কবি হিসেবে পরিচিত এই কবির সাহিত্যকর্মে মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও মুক্তির চেতনা বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। তার অবদানকে স্মরণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই সরকার ‘নজরুল বর্ষ’ পালনের উদ্যোগ নিয়েছে।