নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে লুট, আন্তঃজেলা প্রতারক চক্রের ৩ সদস্য টাঙ্গাইলে গ্রেফতার


নওগাঁ প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে লুট, আন্তঃজেলা প্রতারক চক্রের ৩ সদস্য টাঙ্গাইলে গ্রেফতার

নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত রাসায়নিক পদার্থ ব্যবহার করে বয়স্ক নারীদের সম্মোহিত করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের অভিযোগে আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল থেকে তাদের আটক করা হয়।

রোববার (২১ জুন) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন আবু হাসান, বাবু ও সবুজ। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত কয়েক মাসে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বয়স্ক নারীদের টার্গেট করে অভিনব কৌশলে প্রতারণার একাধিক ঘটনা ঘটে। চক্রটি কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত স্কোপোলামিন নামের রাসায়নিক ব্যবহার করে ভুক্তভোগীদের সাময়িকভাবে বিভ্রান্ত বা সম্মোহিত অবস্থায় নিয়ে যেত। এর ফলে তারা স্মৃতিভ্রংশের মতো অবস্থায় পড়ে অপরাধীদের কথামতো আচরণ করতেন এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ তুলে দিতেন।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় তিনটি মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা পুলিশ নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, চক্রটি টাঙ্গাইলে নতুন করে অপরাধের প্রস্তুতি নিচ্ছিল। পরে টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নারায়ণগঞ্জের চনপাড়া এলাকায় এই চক্রের ৮ থেকে ১০টি সক্রিয় গ্রুপ রয়েছে, যারা দেশের বিভিন্ন জেলায় ঘুরে একই কৌশলে প্রতারণা চালায়। পুলিশের ধারণা, চক্রটি ইতোমধ্যে একাধিক জেলায় বহু অপরাধ সংঘটিত করেছে।

পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ এই প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং জনসচেতনতার মাধ্যমেই এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব।