
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা রুটির মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সুশীলন’-এর বিরুদ্ধে নিম্নমানের, দুর্গন্ধযুক্ত ও ফাঙ্গাস পড়া রুটি সরবরাহের অভিযোগ করেছেন শিক্ষক ও অভিভাবকরা।
গত শনিবার সরজমিনে ১৮ নং পশ্চিম কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৩২ নং মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সরবরাহকৃত রুটির মধ্যে দুর্গন্ধ ও ফাঙ্গাস রয়েছে। একই সঙ্গে নির্ধারিত ১২০ গ্রাম ওজনের পরিবর্তে কোনো রুটি ১১৪ গ্রাম এবং কোনোটি ১১০ গ্রাম পাওয়া যায় বলে জানান সংশ্লিষ্ট শিক্ষকরা।
এ ঘটনায় প্রধান শিক্ষকরা তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের খাবার বিতরণ বন্ধ করে দেন এবং বিষয়টি উপজেলা শিক্ষা অফিস ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে অবহিত করেন।
১৮ নং পশ্চিম কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মশিউর রহমান বলেন, প্রতিদিনের মতো আজও রুটি সরবরাহ করা হলেও তা মানসম্মত ছিল না এবং দুর্গন্ধযুক্ত ছিল। ওজনও কম পাওয়ায় আমরা শিক্ষার্থীদের তা দেইনি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
অন্যদিকে ১৩২ নং মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, রুটির প্যাকেট খুলে দেখা যায় তা দুর্গন্ধযুক্ত। এরপর আমরা খাবার বিতরণ বন্ধ করে দেই এবং বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানাই।
এ বিষয়ে মিড ডে মিলের সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের কর্মকর্তা মোঃ আব্দুল জলিল বলেন, অভিযোগের পর আমরা সংশ্লিষ্ট স্কুলগুলোকে রুটি বিতরণ বন্ধ রাখতে বলেছি এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিউ হুগলী বেকারীকেও বিষয়টি জানানো হয়েছে।
শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনামুল হক জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :