দাম আরও কমে আজ যত টাকায় বিক্রি হচ্ছে সোনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
দাম আরও কমে আজ যত টাকায় বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে আরও এক দফা কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (২১ জুন) থেকে সমন্বয় করা নতুন দামেই দেশের বাজারে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে।

এর আগে শনিবার (২০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। এতে প্রতি ভরিতে সোনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানায় সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। সংগঠনটি আরও জানিয়েছে, নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার পরিবর্তন ও ক্রয়ের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে গত ১৯ জুন সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। পরে আবারও দাম কমানোর ফলে দেশের বাজারে সোনার মূল্য আরও কিছুটা কমল। বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৩৮ বার এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছিল।

এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ২০৮ টাকায়। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৩ বার কমানো হয়েছে।