বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে আর্জেন্টিনার প্রতি ব্যাপক সমর্থন ও ভালোবাসাকে বিশ্বব্যাপী প্রচার করতে আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা জানিয়েছেন, বাংলাদেশের ফুটবলপ্রেম এবং আর্জেন্টিনার প্রতি মানুষের আবেগ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চায় তার দেশ।

শনিবার (২০ জুন) বিকেলে পুলিশ সদর দপ্তরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান আর্জেন্টিনার রাষ্ট্রদূত।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা ও সমর্থন দেখা যায়, তা অত্যন্ত বিশেষ ও অনন্য। এই আবেগ ও সমর্থনের বিষয়টি বিশ্ববাসীর সামনে আরও বড় পরিসরে তুলে ধরার আগ্রহ রয়েছে আর্জেন্টিনার।

তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

আইজিপি আলী হোসেন ফকির আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। এ সময় বাংলাদেশের ফুটবলপ্রেম এবং আর্জেন্টিনার প্রতি দেশের মানুষের দীর্ঘদিনের আগ্রহ ও সমর্থনকে বিশ্বপর্যায়ে তুলে ধরার উদ্যোগের প্রশংসা করেন আইজিপি।

বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ফুটবলকে কেন্দ্র করে দুই দেশের মানুষের মধ্যে তৈরি হওয়া এই বন্ধন ভবিষ্যতে কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখতে পারে।