ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন অর রশিদের জানাজা অনুষ্ঠিত 


সরাইল ক্রাইম রিপোর্টার, ফয়জুল কবির প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন অর রশিদের জানাজা অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির বর্ষীয়ান নেতা অ্যাডভোকেট হারুন অর রশিদের জানাজা ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বৃহস্পতিবার রাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মরহুমের প্রথম ও দ্বিতীয় জানাজা ঢাকায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। পরে মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় আনা হলে শনিবার (২০ জুন) তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মাঠে। এতে রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে। অ্যাডভোকেট হারুন অর রশিদ বিএনপির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন।

তাঁর মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।