স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ
স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার

বিশ্বকাপের চলতি আসরে দুটি ম্যাচ খেলে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে গেছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে সেলেসাওরা।

তবে প্রথম দুই ম্যাচে মাঠে দেখা যায়নি দলের অন্যতম তারকা নেইমারকে। চোটের কারণে বিশ্বকাপের শুরু থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। তবে এবার ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে সুখবর। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড।

হাইতির বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি বলেন, “আগামীকাল নেইমার এককভাবে অনুশীলন করবে। সোমবার থেকে দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আমরা আশা করছি।”

ডান পায়ের মাংসপেশিতে চোটের কারণে চলতি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি নেইমার। গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে তিনি গ্রেড-টু মাংসপেশির চোটে আক্রান্ত হন।

চোট থাকা সত্ত্বেও ব্রাজিলের ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে রাখা হয়েছিল নেইমারকে। চিকিৎসক ও দলের ফিটনেস বিভাগের তত্ত্বাবধানে পুনর্বাসন সম্পন্ন করার পর এখন মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।

আগামী ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। নকআউট পর্বের আগে তার ফিরে আসা ব্রাজিলের জন্য বড় স্বস্তির খবর হিসেবেই দেখা হচ্ছে।