
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘরসহ গৃহস্থালির সব সামগ্রী পুড়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে পরিবারটি।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রে জানা যায়, রাতে ঘরের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত সিমন মিয়া জানান, আগুনে তাদের বসবাসের একমাত্র ঘরসহ প্রায় সবকিছুই পুড়ে গেছে। এতে ৫০ বস্তা মাছের খাবার, একটি গরু, ২০টি মুরগি ও ১৫টি হাঁস নষ্ট হয়। পাশাপাশি নগদ অর্থ, আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ঘরের সব মালামাল আগুনে ধ্বংস হয়ে যায়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। দ্রুত সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।
এদিকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশনায় উপজেলা যুবদলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সহায়তার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং তাদের পাশে উপজেলা প্রশাসন থাকবে। স্থানীয়রা দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন, যাতে পরিবারটি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
আপনার মতামত লিখুন :