চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত


চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবগ্রাম সচেতন যুবসমাজ, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্থানীয় নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ইউনুস আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিবেক দেবনাথ, নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা বেগম পুতুল।

ব্যবসায়ী হেলাল উদ্দিন ও স্বেচ্ছাসেবক শাকিল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মো. মাসুম, নবগ্রাম প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল মজুমদার, কুয়েত প্রবাসী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, আবুল হাসেম, রিয়াজ হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে প্রত্যেক পরিবার, সমাজ ও গ্রামের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সন্তানদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজ থেকে মাদকের বিস্তার রোধ করা সম্ভব। সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রাম এলাকায় যুবসমাজ, প্রবাসী ও সচেতন নাগরিকদের উদ্যোগে মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। স্থানীয়দের উদ্যোগে কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে এলাকায় আগের তুলনায় মাদক কার্যক্রম কমেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে কিছু স্বার্থান্বেষী মহল যুবসমাজের চলমান মাদকবিরোধী কার্যক্রমের বিরোধিতা করায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।