রাতের আঁধারে তিন মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তের দাবি


বগুড়া ভ্রাম্যমান প্রতিনিধি, মোঃ আব্দুর রহমান নাহিদ প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
রাতের আঁধারে তিন মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তের দাবি

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়নের রহবল কানছগাড়ী এলাকায় রাতের আঁধারে তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও মন্দির কমিটি সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রহবল কানছগাড়ী মহাশ্মশান মন্দির, শীতলা মন্দির ও কালী মন্দিরে হামলা চালায়। এ সময় তারা মন্দিরগুলোর প্রতিমা ভাঙচুর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী এসব মন্দিরে শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালিত হয়ে আসছিল। হঠাৎ এ ধরনের ঘটনায় তারা আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন। ঘটনার পর বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস মোবাইল ফোনে ঘটনার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু, সহসভাপতি আশীষ সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শিবগঞ্জ শাখার সভাপতি দুলাল চন্দ্র অধিকারীসহ স্থানীয় নেতারা।

এ সময় নবগঠিত মোকামতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুভ্র শংকর প্রসাদ, উত্তম মহন্ত, প্রার্থীব সাহা, দিলীপ পাল, মিথিল রায়সহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয় মন্দির কমিটির সভাপতি জগদীশ, সাবেক সভাপতি সুভাষ ও বিশ্বনাথসহ ভক্তরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এদিকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।