হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুই দেশের মধ্যে ১৪ দফা সমঝোতা স্মারকটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও তুলে নেওয়া হবে।

শেহবাজ শরিফ বলেন, এই উদ্যোগ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের দুই প্রেসিডেন্ট চূড়ান্তভাবে স্বাক্ষর করার পরই চুক্তিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

তিনি আরও জানান, কাতারের সহায়তায় আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে এ বিষয়ে একটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজ নিজ দেশের পক্ষে এই ১৪ দফা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ট্রাম্প দাবি করেন, তিনি ফ্রান্সের ভার্সাইয়ে বসে চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং সেটি তখনই সম্পন্ন হয়।

অন্যদিকে ইরানও নিশ্চিত করেছে, দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে।