
বিশ্বকাপের প্রথম ম্যাচেই দারুণ শুরু করেছে ইংল্যান্ড। ‘এল’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে থ্রি লায়ন্সরা। বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন অধিনায়ক হ্যারি কেইন।
ম্যাচের ১১ মিনিটে লুকা মদ্রিচের ফাউলের কারণে ইংল্যান্ড পেনাল্টি পায়। প্রথম শটে ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ বল ফিরিয়ে দিলেও, গোললাইন ছাড়ার আগেই তিনি এগিয়ে আসায় নিয়ম অনুযায়ী পুনরায় পেনাল্টির সুযোগ পান কেইন। দ্বিতীয় প্রচেষ্টায় আর ভুল করেননি তিনি এবং ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন ইংলিশ অধিনায়ক।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে (টাইব্রেকার বাদে) পেনাল্টি থেকে সর্বাধিক পাঁচটি গোল করার একক রেকর্ড গড়েন হ্যারি কেইন। এর আগে চারটি করে পেনাল্টি গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং রব রেনসেনব্রিঙ্ক। এই কীর্তিতে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে যান ইংল্যান্ড অধিনায়ক।
এর পাশাপাশি আরেকটি মাইলফলকও স্পর্শ করেন কেইন। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড ডেভিড বেকহ্যামের পর দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েন। তিনি গোল করেন ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপে।
ম্যাচের ৪০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন। এরপর দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করেন জুড বেলিংহাম, ব্যবধান আরও বাড়িয়ে দেন। ৮৫ মিনিটে বদলি হিসেবে নেমে চতুর্থ গোলটি করেন মার্কাস র্যাশফোর্ড।
এই জয়ের মাধ্যমে শুধু তিন পয়েন্টই অর্জন করেনি ইংল্যান্ড, বরং ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের প্রতিশোধও নেয় দলটি। একই সঙ্গে ‘এল’ গ্রুপের শীর্ষে উঠে যায় থ্রি লায়ন্সরা।
হ্যারি কেইনের রেকর্ডগড়া পারফরম্যান্সে বিশ্বকাপ অভিযান শুরু করে আত্মবিশ্বাসী ইংল্যান্ড এখন পরবর্তী ম্যাচের অপেক্ষায়।
আপনার মতামত লিখুন :