প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল কাতার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল কাতার

প্রবাসী ও দর্শনার্থীদের জন্য রেসিডেন্সি ও ভ্রমণসংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে কাতার। দেশটিতে বসবাসরত প্রবাসীদের রেসিডেন্সি পারমিট বা আকামা বাতিল হওয়ার পর দেশটিতে অবস্থানের বৈধ সময়সীমা (গ্রেস পিরিয়ড) ৩০ দিন থেকে কমিয়ে ১৪ দিন করা হয়েছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ আয়োজিত ‘নিরাপদ ভ্রমণ প্রক্রিয়া’ শীর্ষক এক ওয়েবিনারে নতুন এই নির্দেশনার কথা জানানো হয়। এয়ারপোর্ট পাসপোর্ট ডিপার্টমেন্টের কর্মকর্তা ক্যাপ্টেন আলী আহমেদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আল কুওয়ারি জানিয়েছে, আগে আকামা বাতিলের পর প্রবাসীরা সর্বোচ্চ ৩০ দিন কাতারে থাকার সুযোগ পেতেন। নতুন নিয়মে এই সময়সীমা কমিয়ে দুই সপ্তাহ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, রেসিডেন্সি পারমিট বাতিল হওয়ার পর নির্ধারিত ১৪ দিনের মধ্যে দেশ ত্যাগ না করলে প্রবাসীদের প্রতিদিন ১০ কাতারি রিয়াল হারে বিলম্ব জরিমানা দিতে হবে। ফলে আকামা বাতিলের পর নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কাতারে আগত দর্শনার্থী ও পর্যটকদেরও ভিসার মেয়াদ এবং অবস্থানের বৈধ সময়সীমা নিয়মিত যাচাই করার আহ্বান জানানো হয়েছে। ক্যাপ্টেন আলী আহমেদ জানান, ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ কাতারে অবস্থান করলে তাকে প্রতিদিন ২০০ কাতারি রিয়াল হারে জরিমানা গুনতে হবে।

ভ্রমণজনিত জটিলতা এড়াতে দেশ ছাড়ার আগে প্রবাসীদের ‘মেট্রাশ’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের বর্তমান আইনি অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো বকেয়া ট্রাফিক জরিমানা, ওভারস্টে জরিমানা বা সরকারি পাওনা থাকলে বিমানবন্দরে যাওয়ার আগেই তা পরিশোধ করতে বলা হয়েছে।

এছাড়া মেট্রাশ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা নতুন পাসপোর্টে রেসিডেন্সি পারমিট স্থানান্তরের আবেদনও করতে পারবেন। বিমানবন্দরে যাত্রীদের সময় বাঁচাতে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে বিমানবন্দরের আগমন ও বহির্গমন টার্মিনাল মিলিয়ে মোট ৭৬টি ইলেকট্রনিক গেট চালু রয়েছে, যা দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে সহায়তা করছে।

অন্যদিকে, কাতারে জন্ম নেওয়া নবজাতকদের বিষয়ে আইনি প্রক্রিয়াও স্মরণ করিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। প্রবাসীদের সন্তান জন্মের পর তা পাসপোর্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এরপর সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে শিশুটির বাবার স্পন্সরশিপের অধীনে রেসিডেন্সি পারমিট বা আকামার ব্যবস্থা করতে হবে।

কাতার সরকারের এই নতুন নিয়ম প্রবাসী ও দর্শনার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই দেশটিতে থাকা বিদেশিদের ভ্রমণ ও বসবাসের বৈধতা সম্পর্কে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।