জি-৭ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে বৈঠকে মোদি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
জি-৭ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে বৈঠকে মোদি

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈশ্বিক অর্থনীতির ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার প্রাক্কালে দুই নেতার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির তথ্য অনুযায়ী, বুধবার (১৭ জুন) ফ্রান্সের এভিয়ান-লেস-বেইন্সে আয়োজিত জি-৭ সম্মেলনের অংশ হিসেবে মোদি ও মেলোনি বৈঠকে মিলিত হন।

তিন দিনব্যাপী এবারের জি-৭ সম্মেলনে আন্তর্জাতিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক সংকটের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের কৌশল নিয়ে আলোচনা অন্যতম।

সম্মেলনের শেষ দিনে বিশ্বনেতারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকি নিয়েও মতবিনিময় করবেন বলে জানা গেছে।

জি-৭ জোটে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সদস্য হিসেবে রয়েছে। এছাড়া অংশীদার দেশগুলোর প্রতিনিধি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নিয়েছেন।

অন্যদিকে সম্মেলন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ভার্সাই প্রাসাদে একটি নৈশভোজের আয়োজন করা হয়।