মাদারীপুর সরকারি কলেজে সামাজিক অবক্ষয় প্রতিরোধে আলোচনা ও দোয়া মাহফিল


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
মাদারীপুর সরকারি কলেজে সামাজিক অবক্ষয় প্রতিরোধে আলোচনা ও দোয়া মাহফিল

মাদারীপুর সরকারি কলেজে মানবপাচার, মাদক, কিশোর গ্যাং, খাদ্যে ভেজাল, কৃত্রিম মূল্যবৃদ্ধি, ডেঙ্গু ও হাম-রুবেলা প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসের হলরুমে ছাত্র-শিক্ষক ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার।

এছাড়া অনুষ্ঠানে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াদ হোসেন, রসায়ন বিভাগের আহ্বায়ক প্রফেসর মো. আল মামুন, শিক্ষক পরিষদের সম্পাদক আবু তৌফিক আহম্মেদসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বক্তারা সামাজিক অবক্ষয় রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে আসন্ন পরীক্ষার্থীদের সাফল্য ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।