সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত

সামাজিক সচেতনতা বৃদ্ধি, নাগরিক দায়িত্ববোধ জাগ্রত এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে সাতক্ষীরায় ব্যতিক্রমী এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই পোস্টার ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা প্রায় অর্ধদিবসব্যাপী এই কর্মসূচিতে পার্ক ও এর আশপাশ এলাকায় পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, গুজব প্রতিরোধ, নারী ও শিশু নিরাপত্তা, সামাজিক দায়িত্ববোধ, শহীদ মিনারের মর্যাদা রক্ষা এবং নাগরিক সচেতনতা বিষয়ক বিভিন্ন বার্তাসমৃদ্ধ পোস্টার স্থাপন করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সংগঠনের মূল নীতিবাক্য “ঐক্য, ঐতিহ্য ও আতিথেয়তায় সাতক্ষীরা কমিউনিটি” এবং স্লোগান “পরিবর্তনের পথে, মানুষের পাশে”—এই বার্তাকে সামনে রেখে তরুণরা এ কার্যক্রম পরিচালনা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন-ডিজাইনার সালাউদ্দীন সাবাদ (এসসি), জেলা প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানী (এসসি)সহ সংগঠনের স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীরা।

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানী বলেন, শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সামাজিক অবক্ষয়, মাদক সেবন, ইভটিজিং এবং অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এসব রোধে সচেতনতামূলক লিফলেট ও পোস্টার স্থাপন করা হয়েছে। পাশাপাশি পার্কের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, তরুণদের সামাজিক আন্দোলনের মাধ্যমে সাতক্ষীরাকে একটি নিরাপদ ও সচেতন জেলায় রূপান্তর করাই তাদের লক্ষ্য, এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দা সাইমুন সাকিব বলেন, তরুণদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং সাতক্ষীরাকে একটি আদর্শ ও সচেতন জেলায় পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচিতে অংশগ্রহণকারী ও স্থানীয় সচেতন মহল তরুণদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান।