বুড়ইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় কোরবান আলী


নন্দীগ্রাম প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
বুড়ইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় কোরবান আলী

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে আলোচনায় উঠে এসেছেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং ব্যাপক গণসংযোগের মাধ্যমে তিনি এলাকায় একটি পরিচিত ও জনপ্রিয় মুখে পরিণত হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি বুড়ইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলে জানা গেছে।

এলাকাবাসীর একাংশের মতে, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে কোরবান আলী সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। তারা আশা প্রকাশ করেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে বুড়ইল ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন।

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরে কোরবান আলী বলেন, তিনি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং অবহেলিত মানুষের সেবা করতেই নির্বাচনী মাঠে নেমেছেন। তিনি শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করার কথা উল্লেখ করে বলেন, দলীয় সমর্থন ও জনগণের সুযোগ পেলে তিনি বুড়ইল ইউনিয়নকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সেবামূলক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।

এলাকায় তার পক্ষে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মতে, কোরবান আলীর মতো তৃণমূলের ত্যাগী ও জনপ্রিয় নেতা প্রার্থী হলে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়বে।

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বুড়ইল ইউনিয়নের হাট-বাজার ও চায়ের দোকানগুলোতেও কোরবান আলীর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছে।